করোনাকালে ভার্চুয়াল ফটোশুট
প্রাণাঘাতী করোনাভাইরাস মহামারীতে স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। সেই ধাক্কাটা পড়েছে ফ্যাশন-মডেলিং ইন্ডাস্ট্রির উপরও। তবে উন্নত প্রযুক্তি কাজে লাগিয়ে সেই ধাক্কা কাটিয়ে ওঠা সম্ভব। ধাক্কা কাটানোর মাধ্যমটা হচ্ছে ‘ভার্চুয়াল ফটোশুট’। শারীরিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে, এমনকি ফটোগ্রাফার ও মডেল- কেউ কারো সামনে সশরীরে উপস্থিত না হয়ে ঘরে বসেই এ ধরনের ফটোশুট করা যায়।
ফ্যাশন-মডেলিং ইন্ডাস্ট্রির চাকা সচল রাখতে প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের ফটোশুট সিরিজের আয়োজন করেছিল ফ্যাশন ম্যাগাজিন ‘ক্যানভাস’। সিরিজের নাম ‘ক্যানভাস ফ্যাশনোভেশন বাই আজরা মাহমুদ।’
১৪ মে থেকে শুরু হওয়া এই ফ্যশনোভেশন শেষ হয় ২০ মে। তাতে সাতটি টিম অংশ নিয়েছে। যে দিন যে টিমের ফটোশুট হয়েছে, সে দিন সেই টিমের সদস্যরা ‘ক্যানভাস ফ্যাশনোভেশন বাই আজরা মাহমুদ’-এসেছেন। ক্যানভাস ফেসবুক পেজ থেকে তা প্রচার করা হয়েছে।
এ বিষয়ে ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর নুজহাত খান বলেন, ‘গত কয়েকদিনে সকলের সঙ্গে আলাপনে বেশ কিছু সম্ভাবনা উঠে এসেছে। আজরা মাহমুদ ও আমি যেই ভাবনা থেকে এই সিরিজ শুরু করি, সেটা অনেকাংশেই সফলতা পেয়েছে। আমাদের আলাপনে এমন কিছু সমাধান বেরিয়ে আসে যা ভবিষ্যতে আরো হায়ার কোয়ালিটি ও ভালো রেসুলেশন সম্পন্ন শুটের নিশ্চয়তা দেবে।’